
নিউজ ডেস্কঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।গতকাল রোববার (১৪ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রভাষক মনিরুজ্জামান ওরফে মন্ময় মনির কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।কলারোয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, মন্ময় মনির তার ফেসবুকে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে একটি আপত্তিকর পোস্ট দিয়েছেন। সেই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনে শুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছেন।তাই এ ঘটনায় বাধ্য হয়ে তিনি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেন।