
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে চিরচেনা জগৎ আবার ফিরে আসবে। তিনি বলেন, ফুল–ফল–ফসল, হাসি–আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা–জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশা আল্লাহ।আজ সোমবার (১৫ জুন) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন। করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
নানা সীমাবদ্ধতা নিয়েও এই মহামাররি থেকে রক্ষা পেতে দিনরাত সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতন না হই, তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ার শামিল। নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।সংক্রমণ লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে পরীক্ষা এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।