News71.com
 Bangladesh
 13 Jun 20, 10:11 PM
 206           
 0
 13 Jun 20, 10:11 PM

ঢাকার কিছু এলাকায় নেটওয়ার্ক সমস্যা ॥ বিড়ম্বনায় টেলিটকের গ্রাহক

ঢাকার কিছু এলাকায় নেটওয়ার্ক সমস্যা ॥ বিড়ম্বনায় টেলিটকের গ্রাহক

নিউজ ডেস্কঃ রাজধানীর কিছু এলাকায় রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সেবা বিঘ্ন হচ্ছে। এতে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা নিতে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।শনিবার (১৩ জুন) আনুমানিক সকাল সাড়ে ৭টা থেকেই এই সমস্যা হচ্ছে জানিয়ে ভুক্তভোগী গ্রাহকেরা বলছেন, সন্ধ্যে সাড়ে সাতটায়ও তা ঠিক হয়নি। এ বিষয়ে টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে টেলিটক নম্বরে যোগাযোগ করা যায়নি।তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিকেলে বলেন, টেলিটকের সার্কিটের সমস্যা হয়েছিল বিদ্যুৎজনিত কারণে। তারা এটা নিয়ে কাজ করতেছে। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।টেলিটক ব্যবহারকারী শ্যামলীর প্রশান্ত মিত্র বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইন্টারনেট ব্যবহারের সময় হঠাৎ করে কানেকশান অফ হয়ে যায়। পরে বেশ-কয়েকবার চেষ্টা করে মোবাইল রিস্টার্ট দিয়েও আর কানেকশান পাইনি। এরপর থেকে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করলেও বার বার অপারেশন ফেইলড লেখা আসছে। তবে দুপুরের পর থেকে ইনকামিং কল আসছে। কিন্তু আউটগোয়িং কল যাচ্ছে না।

প্রশান্ত বলেন, এখনো একই সমস্যা দেখাচ্ছে, ইন্টারনেট কানেকশানও পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের গ্রাহক হাবিবুর রহমান জানান, দুপুর থেকে তিনি সমস্যায় পড়েছেন। আউটগোয়িং কল কেটে যাচ্ছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সকাল ৮টার দিকে মগবাজার ও গুলিস্তান এলাকায় নেটওয়ার্ক স্টেশনে বৈদ্যুতিক গোলযোগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর মিরপুরসহ রাজধানীর কয়েকটি এলাকায় গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় পড়েন। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ দুটি নেটওয়ার্ক স্টেশন মেরামত শেষ হয় জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা পুনরায় স্বাভাবিকভাবে সেবা পেতে শুরু করেছেন। যন্ত্রপাতি ঠিক করার পর তা পুনরায় চালু করতে কিছুটা সময় লাগে। অল্প সময়ে সমস্যা কেটে যাবে। মিরপুর, ধানমন্ডি, শ্যামলী, মোহাম্মদপুরে এই সমস্যা থাকলেও আজিমপুর ও শনির আখড়া এলাকায় দু’জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সমস্যায় পড়েননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন