News71.com
 Bangladesh
 13 Jun 20, 12:13 PM
 283           
 0
 13 Jun 20, 12:13 PM

রোগী ফেরত দেওয়া হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ  

রোগী ফেরত দেওয়া হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ   

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে চিকিৎসাসেবা না দিয়ে যেসব বেসরকারি হাসপাতাল রোগী ফেরত দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘চিকিৎসা না দিয়ে রোগীকে ফেরত পাঠানো কোনওভাবেই কাম্য নয়। যারা এই কাজটি করছেন সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আজ শনিবার (১৩ জুন) থেকে প্রশাসন এ বিষয়ে মোবাইল কোর্ট শুরু করবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল হবে।’ গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাইফ পাওয়ার টেকের উদ্যোগে কোভিট-১৯ মোকাবেলায় একশ অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু চট্টগ্রামে নয়, সারাদেশ এমনকি পৃথিবী জুড়েই আইসিইউ সঙ্কট আছে। ইতালি নিউইয়র্কের মতো দেশে বহু বয়স্ক মানুষকে আইসিইউ সেবা দিতে না পারার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে ।’

সদ্য ঘোষিত বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সব সমালোচনাকে অসার প্রমাণিত করে গত ১১ বছর ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়িত হয়েছে। দেশ এগিয়ে গেছে। দারিদ্র্য কমে অর্ধেকে নেমেছে। মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ। জিডিপিতে পৃথিবীর অন্যতম বেশি গ্রোথ রেটের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এবারের বাজেটও সফলভাবে বাস্তবায়িত হবে।’ বাজেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই বাজেটে প্রধানমন্ত্রী আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছেন। পত্রপত্রিকায় দেখলাম এত বেশি লক্ষ্যমাত্রা কেন স্থির করা হলো তা নিয়ে সমালোচনা করা হচ্ছে। ক’দিন আগে আইএমএফ বলেছে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুব সহসা কেটে যায় এবং বৈশিক মন্দাও যদি সহসা কেটে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নয় শতাংশের বেশি হতে পারে। এটি হচ্ছে আইএমএফের প্রাক্কলন। সুতরাং সেটি যদি বিবেচনায় নিই তাহলে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিশ্চয়ই উচ্চাভিলাষী নয় ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন