
নিউজ ডেস্কঃ সরকারের নিয়ম ও নীতি মেনে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসা আলোচিত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌস খন্দকার। শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন। ফেসবুকে স্ট্যাটাসে ডা. ফেরদৌস খন্দকার লেখেন, আমি ভালো আছি। প্রিয় দেশবাসী, শুভেচ্ছা নেবেন। সরকারের নিয়ম ও নীতি মেনে আমি কোয়ারেন্টিনে রয়েছি। আজ পঞ্চম দিন চলছে। আমাকে যেখানে রাখা হয়েছে, সেখানে আমি খুব ভালো আছি। থাকার ব্যবস্থা বেশ আরামদায়ক; খাওয়া দাওয়াও বেশ ভালো। বই পড়ে, করোনাবিষয়ক পড়াশোনা করে, আমার সময় কাটছে। আমাকে যারা দেখভাল করছেন, তারা সবাই মানুষ হিসেবে দারুণ এবং অনেক ভালো। যেমনটি বাংলাদেশের বেশিরভাগ মানুষ। ফলে কোন দিক থেকেই আমার কোন অসুবিধা হচ্ছে না। এই মুহূর্তে আমার পাশে থাকা মানুষগুলো আমাকে যথেষ্ট সম্মান ও যত্ন করছেন। তাদের ব্যাপারে আমি মুগ্ধ।