News71.com
 Bangladesh
 13 Jun 20, 11:27 AM
 233           
 0
 13 Jun 20, 11:27 AM

প্রস্তাবিত বাজেট গরিবের টাকায় ধনীর সেবা॥গার্মেন্ট টিইউসি

প্রস্তাবিত বাজেট গরিবের টাকায় ধনীর সেবা॥গার্মেন্ট টিইউসি

নিউজ ডেস্কঃ ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিবের টাকায় ধনীর সেবা’ করার বাজেট হিসেবে উল্লেখ করে, তা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।শুক্রবার (১২ জুন) গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত বাজেট শুধু শ্রমিকবিরোধীই নয় চলমান মহামারি পরিস্থিতিতে সরকার একটি চরমভাবে গণবিরোধী জাতীয় বাজেট প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেট চরিত্রগতভাবে ধনিক তোষণের বাজেট। এই বাজেটে ধনিক শ্রেণির জন্য সরাসরি ব্যক্তি পর্যায়ে এবং কর্পোরেট কর রেয়াতের পুরস্কার থাকলেও শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ন্যূনতম সান্ত্বনা টুকুও নেই। সরকারের কাছে শ্রমিক -কৃষক-ক্ষেতমজুর ও মেহনতি মানুষের জন্য কোনো স্থান নেই। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গরিবের টাকায় ধনীর সেবা করার বাজেট।


নেতৃবৃন্দ আরও বলেন, বাজেটে একদিকে আয়ের ক্ষেত্রে ধনিক গোষ্ঠীকে বিশেষ রেয়াত দিয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা চাপানো হয়েছে। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে ‘মহামারির শিক্ষা’, ‘স্বাস্থ্য খাতে জরুরি কর্তব্য’, ‘নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা’, ‘কর্মসংস্থান রক্ষা’সহ জনসাধারণের জীবন ও জীবিকারসঙ্গে নিবিড়ভাবে জড়িত খাত সমূহকে উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে রেশনিং ও আবাসনের জন্য অর্থ বরাদ্দ করার দাবি জানিয়ে আসলেও সরকার এই বাজেট প্রস্তাবনায় তা সামান্যও কর্ণপাত করেনি। অতি নিম্ন মজুরি এবং চলমান মহামারির ধাক্কা এই দুই সংকটে আজ যখন শ্রমিকের রেশনিং ও বাসস্থানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ অতি অত্যাবশ্যকীয়, তখন বাজেটে দেশের আশি ভাগ রপ্তানি আয় করা শ্রমিকদের বিষয়ে সরকারের চরম উদাসীনতা সরকারের শ্রেণী চরিত্রকেই উন্মোচিত করেছে। বিবৃতিতে বলা হয়, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের মাফ করে দিতে দেশের শ্রমিক মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ ব্যয় হবে। আর শ্রমিকরা রেশনিং, চিকিৎসা ও বাসস্থানের জন্য বরাদ্দ চেয়ে হয়রান হবে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই বাজেটেই শ্রমিকের রেশনিং ও বাসস্থানের জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন