
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের জিএমজি মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবুল হোসেন (৪৪) নামে আরেক দিনমজুর। শুক্রবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আবুল হোসেনকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের সহকর্মী মো. দেলোয়ার হোসেন জানান, তারা দিনমজুরের কাজ করেন। থাকেন ধোলাইখাল এলাকায়। দুপুরে তেজগাঁও জিএমজি মোড়ে একটি পুরাতন কারখানার জিনিসপত্র নারায়ণগঞ্জ নেওয়ার জন্য কারখানা থেকে ট্রাকে তুলছিলেন। রিয়াজুল ও আবুল দু’জনে ধরে একটি ভারি লোহার যন্ত্র কারখানা থেকে বের করার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তানা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত ও আহতের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।