
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে 'বন্দুকযুদ্ধের' এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। নিহত ডাকাত দলের সদস্যের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা র্যাবের। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় অভিযানে যায় র্যাব 'সেখানে ডাকাত দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।' তিনি বলেন, ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুইটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে। নিহত ডাকাত দলের সদস্যের পরিচয় জানা যায়নি।