
নিউজ ডেস্কঃ করোনায় বাংলাদেশ পুলিশের দুই গর্বিত সদস্য ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং কনস্টেবল মো. এনামুল হকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেন । শোকবাণীতে আইজিপি বলেন, দেশে করোনা প্রতিরোধের প্রথম দিন থেকেই জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং শহীদ কনস্টেবল মো. এনামুল হকসহ করোনা যুদ্ধে এ যাবত আমাদের ২১ জন সহকর্মী জীবন উৎসর্গ করেছেন। তারা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। এ আত্মত্যাগের জন্য তারা পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন। আইজিপি তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন ।