
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসসহ যেকোনও বিষয়ে অপপ্রচার বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জনস্বার্থ রক্ষায় সরকার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।’ আজ মঙ্গলবার (৯ জুন) তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ।