News71.com
 Bangladesh
 09 Jun 20, 09:44 PM
 229           
 0
 09 Jun 20, 09:44 PM

রাজধানীর ১৬২ স্থাপনার এডিসের লার্ভা॥ জরিমানা ৩৩ হাজার

রাজধানীর ১৬২ স্থাপনার এডিসের লার্ভা॥ জরিমানা ৩৩ হাজার

নিউজ ডেস্কঃ এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে রাজধানীবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে টানা চতুর্থ দিনের চিরুনি অভিযানে ১৬২টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় স্থাপনার মালিকদের ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিকে এ অভিযান অব্যাহত রেখেছে ডিএনসিসি। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকেই ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। দুপুরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এক অনলাইন সভায় ভ্রাম্যমাণ আদালত জোরদার করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। ডিএনসিসি সূত্রে জানা যায়, অভিযানে মোট ১৪ হাজার ২৯৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১৬২টিতে বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া নয় হাজার ৭৪০টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটটি মামলায় মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিকদের সতর্ক করা হয়।

লার্ভা পাওয়া স্থানগুলো মধ্যে ছিল পরিত্যক্ত টায়ার, বালতি, ফুলের টব, বোতল, পানির মিটার, গ্যারেজ, পানির হাউজ, মাটির পাত্র, ভাঙা মগ, বাড়ির মেঝে, পানির ট্যাংক, প্লাস্টিকের পাত্র, ছাদের ড্রেন, দইয়ের পাত্র, পরিত্যক্ত কমোড, ডাবের খোসা, ভাঙা পাতিল, বেইজমেন্ট, দুই বাড়ির মধ্যবর্তী স্থান ইত্যাদি। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থ্যাৎ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এভাবে আগামী ১০দিনে সমগ্র ডিএনসিসিতে চিরুনি অভিযান সম্পন্ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন