
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ সচিবালয়ের ২০২০-২১ অর্থ বছরে ব্যয় নির্বাহের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলিয়ে মোট ৩৩৫ কোটি ৩৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। যা গত বছরের তুলনায় ৩.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছিল, যা তার আগের বছরের তুলনায় ৯.৭১ শতাংশ বেশি ছিল। জাতীয় সংসদ ভবনে আজ সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠক এই বাজেট বরাদ্দ অনুমোদন দেয়া হয় ।
একইসঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরে জন্য ৩৫৮ কোটি ৮১ লক্ষ টাকা ও ২০২২-২০২৩ অর্থ বছরের ৩৮৩ কোটি ৯৩ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, এবং সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৯৪ সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।