
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রভাবে দীর্ঘ ৭৬ দিন পর স্বাস্থ্যবিধি মেনে দেশের বৃহত্তম বাণিজ্যক কেন্দ্র বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের মধ্যে এ বাণিজ্য শুরু হয়। এছাড়া আমদানি-রপ্তানি শুরু হওয়ার প্রথম দিনে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ২৪টি পণ্যবোঝায় ট্রাক। এর আগে করোনা সংক্রমণ রোধে গত ২২ মার্চ এ পথে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ ।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে বন্দর কর্তৃপক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালকরা যাতে পোর্টের বাইরে যেতে না পারেন, সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, করোনার কারণে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অনেক লোকশান গুণতে হয়েছে তাদের (ব্যবসায়ী)। তবে বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হওয়ায় কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন তারা। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ ৭৬ দিন ধরে এ বন্দর দিয়ে বন্ধ ছিল আমদানি-রপ্তানি। করোনার ক্রান্তি সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নির্দেশনা মেনে আজ রোববার বিকেল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে ।