News71.com
 Bangladesh
 03 Jun 20, 08:54 PM
 187           
 0
 03 Jun 20, 08:54 PM

করোনায় আক্রান্ত মৃতের দাফন পারিবারিক কবরস্থানেই করা যাবে॥ স্বাস্থ্য বিভাগ

করোনায় আক্রান্ত মৃতের দাফন পারিবারিক কবরস্থানেই করা যাবে॥ স্বাস্থ্য বিভাগ

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত মৃতদেহ কবরস্থ করতে দেওয়া হচ্ছে না, ইতোমধ্যে এমন বহু অমানবিক ঘটনা ঘটে গেছে দেশে। বর্হিবিশ্ব থেকেও প্রায়শই এমন ঘটনার খবর আসে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা জানানোর আগে এই বিষয়টিতে বিশেষ জোর দিয়ে বলা হয়, স্বাভাবিক আর দশটা মৃতদেহের মতোই পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে করোনায় আক্রান্ত মৃতদেহকে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে আমরা এমন মৃতদেহকে কবরস্থ করতে বাধা দেওয়ার ঘটনা শুনতে পাচ্ছি। এটা মোটেও ঠিক নয়। এ নিয়ে আমরা আগেও বলেছি, এখনও বলছি- মৃতদেহ থেকে করোনাভাইরাস ছড়ায় না।


তিনি বলেন, শুধু আমরা নই, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে বারবার বলেছে, স্বাভাবিক মৃতদেহের মতোই দাফন করা যাবে করোনায় আক্রান্ত মৃতদেহ। সেক্ষেত্রে যেসব সাবধানতা অবলম্বন করতে হবে, তার একটা নির্দেশনা দেওয়া আছে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে। সাধারণত আমরা কাপড় দিয়ে মৃতদেহ মুড়িয়ে থাকি, তবে করোনায় মৃতদেহের ক্ষেত্রে কাপড়ের পাশাপাশি তার ওপর একটা পলিথিন মুড়িয়ে নিতে হবে। ডা. নাসিমা সুলতানা আরো বলেন, কোভিড-১৯ রোগে মৃত ব্যক্তিদের জন্য আলাদা কবরস্থানের কথা বলছেন অনেকে। এর কোনো প্রয়োজন নেই। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, মৃত্যুর ৩ ঘণ্টা পর মৃতদেহে আর কোনো জীবাণু থাকে না। আর সাধারণত মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে মৃতদেহ কবরস্থ করা হয়ও না। একইসঙ্গে এও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে, মৃতদেহ থেকে সুস্থ কারো শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে। সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন