
নিউজ ডেস্ক কুমিল্লায় পল্লী বিদ্যুতের কনস্ট্রাকশন ফার্মের ক্রেন উল্টে চাপা পড়ে হেদায়েত উল্লাহ(৩৫) নামের ১ শ্রমিক নিহত হয়েছে। তিনি জেলার লালমাই উপজেলার দক্ষিণ চনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫ শ্রমিক। আজ মঙ্গলবার (২ জুন) সকালে জেলার সদর দক্ষিণের মোহনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে ।
স্থানীয় বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, কনস্ট্রাকশন ফার্মের ক্রেন খুঁটি বসানোর জন্য শ্রমিক নিয়ে কুমিল্লা-নোয়াখালী রেল লাইনের নিকট যাচ্ছিলো। মোহনপুর এসে ক্রেন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ৬ শ্রমিক। এদের মধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত হেদায়েত উল্লাহ ঘটনাস্থলে অনেক সময় চাপা পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে । পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, কুমিল্লা-নোয়াখালী রেল লাইনের নিকট খুঁটি বসানোর জন্য ক্রেনটি যাচ্ছিলো। প্রাথমিকভাবে জেনেছি চালকের অসতর্কতায় ওই দুর্ঘটনা ঘটে।