News71.com
 Bangladesh
 02 Jun 20, 11:50 AM
 269           
 0
 02 Jun 20, 11:50 AM

করোনার কারণে পিএসসি’র ক্যাডার-ননক্যাডার সার্ভিসের ১৩ নিয়োগ পরীক্ষা স্থগিত॥

করোনার কারণে পিএসসি’র ক্যাডার-ননক্যাডার সার্ভিসের ১৩ নিয়োগ পরীক্ষা স্থগিত॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হয়ে গেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার ও ননক্যাডার সার্ভিসের ১৩টি পরীক্ষা। গত ১৬ মার্চ এক ঘোষণায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান সব পরীক্ষা স্থগিত করে পিএসসি। এ পর্যন্ত তিনটি বিসিএস ও ১০টি নন-ক্যাডারসহ মোট আটকে যাওয়া ১৩টি পরীক্ষার আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিএসসি কর্তৃপক্ষ কোনো পরীক্ষার আয়োজনে আগ্রহী নয়। তবে বৃহত্তর স্বার্থে তারা ঝুঁকি নিয়েই চিকিৎসক ও সিনিয়র নার্স নিয়োগের সুপারিশ করেছে। বর্তমানে ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে এগোচ্ছে পিএসসি। ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর মার্চের শেষ দিকে ফলাফল প্রকাশের কথা থাকলেও করোনার কারণে তা এখনো প্রকাশিত হয়নি।

পিএসসি চেয়ারম্যান আরো বলেন, ‘পরীক্ষার ফলাফল তৈরির সঙ্গে খাতা দেখাসহ আরো কিছু কাজ আছে। এতে বাইরের বিশেষজ্ঞরা সম্পৃক্ত। অনেককেই পিএসসিতে আসা-যাওয়া করতে হয়।’ তাদের কাউকে ঝুঁকির মধ্যে না ফেলতেই একটু সময় নিতে হচ্ছে উল্লেখ করে বাস্তবতা সবাইকে মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস, এর মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা হয়। ৪০তম বিসিএসটা হচ্ছে সাধারণ, এর প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের মে মাসে নিয়ে ইতোমধ্যে ফল প্রকাশ করা হয়েছে। এতে চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ২৭৭ জন। এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো পিএসসি।

এছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের প্রার্থীদের আবেদন নেয়া হয়। এই বিসিএসে মোট দুই হাজার ১৬৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হবে। একমাস ধরে প্রার্থীদের আবেদন নেয়া হয়। নিয়ম অনুযায়ী পিএসসির ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন