
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ীতে করোনাভাইরাস আক্রান্ত ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ সোমবার সকালে বেগম মতিয়া চৌধুরীর পক্ষে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের হাতে ১৫ লাখ টাকা এফডিআরের চেক হস্তান্তর করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. মেহেদী, আওয়ামী লীগ নেতা ওয়াজকুরুনী, ফারুক আহমেদ বকুল ও শহিদুল্লাহ তালুকদার মুকুল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের নালিতাবাড়ী শাখায় ‘দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা তহবিল’ নামে একটি ফান্ড করে সেখানে ১৫ লাখ টাকা এফডিআর করে দিয়েছেন তিনি। করোনা অথবা অন্য উপসর্গ নিয়ে যেসব দুঃস্থ ও অসহায় মানুষ নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হবে তাদের চিকিৎসার খরচ দেওয়া হবে ওই তহবিল থেকে। শুধু তাই নয়, যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তাদের ওই তহবিলের টাকা থেকে সহায়তা করা হবে। পর্যায়ক্রমে ওই তহবিল আরও বৃদ্ধি হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে বেগম মতিয়া চৌধুরী মুঠোফোনে বলেন, ‘ওই এফডিআরের টাকা থেকে প্রতিমাসে যে লভ্যাংশ আসবে তা থেকে দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। ওই ফান্ডের টাকা আজীবন নালিতাবাড়ীর মানুষের স্বাস্থ্য সেবায় ব্যয় করা হবে।’