
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমনের মধ্যেই ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। পাশাপাশি বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। ইতোমধ্যে গত ১ এপ্রিল থেকে এনতুন মুল্য কার্যকর করা হয়েছে। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। মাত্র সাত মাসের মাথায় পানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি চাপে পড়ে গেছেন রাজধানীবাসী। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পানির আবাসিকে মূল্য বাড়ানো মোটেও যুক্তিযুক্ত হয়নি। এটা অমানবিক মনে করছেন তারা। পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করতে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।
এপ্রিল মাসের বিল গত মে মাসে হাতে পেয়ে অবাক হয়ে গেছেন গ্রাহকরা। মাত্র সাত মাসের মাথায় পানির মূল্যবৃদ্ধি মেনে নিতে পারছেন না রাজধানীবাসী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মানুষের আয় যখন কমে গেছে, তখন এ পানির বিল বৃদ্ধি অমানবিক মনে করছেন গ্রাহকরাও। তবে পানির এ মূল্যবৃদ্ধি করোনাভাইরাসের মধ্যে করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি গতকাল বলেন, পানির এ মূল্যবৃদ্ধি করোনাভাইরাসের আগেই করা হয়েছে। কার্যকর করা হয়েছে ১ এপ্রিল থেকে। তবে সারচার্জ নেয়া হচ্ছে না।