
নিউজ ডেস্কঃ ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায়ের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে লুৎফর রহমান (২৫) নামে এক যুবক হ্যাকারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ মে) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লুৎফর উপজেলার বিরামপুর বরকাশিয়া ইউনিয়নের পানুর গ্রামের হাদিছ মিয়ার ছেলে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জনের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায় করছে। তারা বিকাশসহ অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করে। সবশেষ শনিবার সকালে এক ব্যক্তির আইডি হ্যাক করে তারা। ওই ব্যক্তি থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় লুৎফরকে চিহ্নিত করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের কয়েকটি সিম জব্দ করা হয়।এদিকে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে জানান ওসি আব্দুল আহাদ।