News71.com
 Bangladesh
 30 May 20, 09:28 PM
 256           
 0
 30 May 20, 09:28 PM

রাজধানীর আশকোনা এলাকায় এডিএইট খাল খনন শুরু॥কষ্ট লাঘব হবে নগরবাসীর

রাজধানীর আশকোনা এলাকায় এডিএইট খাল খনন শুরু॥কষ্ট লাঘব হবে নগরবাসীর

নিউজ ডেস্কঃ রাজধানীর আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য এডিএইট খাল খনন উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ৩০ মে, শনিবার এই খননের কাজ উদ্বোধন করেন তিনি। এতে করে ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে। ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজ শেষ হলে আশকোনা হজ ক্যাম্পের পাশ থেকে শুরু করে বনরূপা হাউজিং পর্যন্ত বিভিন্ন জায়গায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর হবে। এছাড়াও কসাইবাড়ি, আশকোনা, কাউলা ও বনরূপা হাউজিং এলাকার জলাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় মেয়র আতিক বলেন, ‘আশকোনা, প্রেমবাগান ও হজ ক্যাম্পের সামনে বৃষ্টি হলেই পানি জমে যায়। এজন্য এলাকার জনগণ আমাদের দায়ী করছেন। কিন্তু ঢাকার এ অংশটি পুরো অপরিকল্পিত, যে-যার মতো করে বাসাবাড়ি ও হাউজিং করে নিয়েছেন। কোন দিক দিয়ে পানি নিষ্কাশন হবে তা চিন্তা করেননি। এতে চূড়ান্তভাবে জনগণের দুর্ভোগ হচ্ছে। হাউজিং কোম্পানিগুলো বিভিন্ন সিটি করছে, বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো সিটি কাজ করেনি। জনগণের দুর্ভোগ লাঘব কীভাবে করা যায় সে চিন্তা তারা করেনি।’

তিনি আরো বলেন, ‘এই খালটি সিভিল এভিয়েশনের। আমরা সিভিল এভিয়েশনকে অনেক অনুরোধ করেছি, অনেকবার বলেছি। কিন্তু বৃষ্টি তো আর কারো জন্য অপেক্ষা করে না। এই ১ দশমিক ৮ কিলোমিটার খাল খনন করে দেয়ার জন্য সিভিল এভিয়েশনকে বারবার অনুরোধ করেছি। তারা বলছে আমরা করতে পারব না, আপনারা করে দেন। জায়গা সিভিল এভিয়েশনের, খাল সিভিল এভিয়েশনের, অথচ কাজ করে দিতে হবে সিটি করপোরেশনকে।’

ওয়াসা ও সিভিল এভিয়েশনের উদ্দেশে ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘আপনারা দায়িত্ব নেন অথবা আমাদের ফান্ড দেন, আমরা কাজ করতে চাই। আপনারা দায়িত্ব নেবেন না, টাকা আপনাদের কাছে রেখে দেবেন। এটা হয় না।’ এই উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম ও ডিএম শামীম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন