
নিউজ ডেস্কঃ নোয়াখালীর ৫টি উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯৬ জন। যার মধ্যে শিক্ষক, চিকিৎসক, সমাজসেবা কর্মকর্তা, ব্যাংকার, নার্স, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৫ জন। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।শনিবার (৩০ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে জেলার সদরে ৪১, বেগমগঞ্জে ৩৪, সোনাইমুড়ী ৮, চাটখিলে ৬ ও সেনবাগ উপজেলায় ৭জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪১জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন রোগী। যাদের মধ্যে অস্থায়ী কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি আছেন ১৯ জন।সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪১ জন। যার মধ্যে ৪ জন চিকিৎসক, ২ জন নার্স, একটি পুলিশ ফাঁড়ির ১২ জন সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।