
নিউজ ডেস্কঃ দেশ থেকে ‘লকডাউন পরিস্থিতি’ তুলে দিলে ত্রিমুখী বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী।করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির সময় অফিস-আদালত, গণপরিবহনসহ সব কিছু খুলে দিলে ঝুঁকির মাত্রা বর্ণনা করতে গিয়ে তিনি এ আশঙ্কার কথা বলেন।ডা. লেলিন চৌধুরী বলেন, লকডাউন বা সব কিছু বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চলাচলকে থামিয়ে দিয়ে তাদের ঘরে রাখা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের শারীরিক দূরত্ব তৈরি করা। এই দুটো কাজের মাধ্যমে চেইন অব ইনফেকশান (সংক্রমণের ধারা) ভেঙে ফেলা যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে- যতদিন পর্যন্ত ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকবে ততদিন এটা করতে হবে। সংক্রমণ চূড়ান্ত পর্যায় পৌঁছে যাওয়ার পর ধীরে ধীরে কমতে থাকবে। তখন লকডাউন, বিচ্ছিন্নতা, অবরোধ বা সাধারণ ছুটি যাই হোক না কেন, সংক্রমণ কমার হারের সঙ্গে সঙ্গতি রেখে ধাপে ধাপে শিথিল করতে হবে।