
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২ জুন থেকে সীমিত আকারে খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে। এজন্য ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্লাস, পরীক্ষা এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।