
নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে ১৫ টন চালসহ খাদ্য গুদাম কর্মকর্তা এবং দারোয়ানকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলাম। এ ঘটনায় এক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ী ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ। সাবেকপাড়ার আব্দুল হাকিম জানান, শুক্রবার (২৯ মে) সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাইরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন।
গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান, শুক্রবার (২৯ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে ধরা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহকে। চালসহ তাকে থানায় আনা হয়। ওই চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই ঘটনায় সাবেকপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও গুদামের দারোয়ান ছাদেকুল ইসলামকেও আটক করা হয়েছে। তিনি আরো জানান, ওই দুজন সরকারি কর্মকর্তা হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনার রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে খাদ্য গুদাম কর্মকর্তা ও দারোয়ান আটক থাকায় তিনি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করবেন। এ ঘটনার পরেই খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।