
নিউজ ডেস্কঃ ঢাকার সাভার ও আশুলিয়া থেকে কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন-সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছিলেন।তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামী রাজমিস্ত্রি ও স্ত্রী গার্মেন্টসে কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।