
নিউজ ডেস্কঃ করোনা সন্দেহে হবিগঞ্জের মাধবপুরের এক যুবককে ভারতে পিটিয়ে হত্যা করেছে সেখানকার লোকজন। এ ঘটনায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ নিহতের লাশের ময়না তদন্ত রিপোর্ট না দেয়ায় লাশ গ্রহণ করেনি বিজিবি । বিজিবি সূত্র জানায়, গত ২৪ মে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে লোকমান মিয়া মাধবপুরের সীমান্তবর্তী ভারতের মোহনপুর সীমান্ত দিয়ে গোপালপুরে ফুফুর বাড়িতে বেড়াতে যান। ভারতের স্থানীয় নাগরিকরা লোকমানকে করোনা রোগী ও চোর সন্দেহে পিটিয়ে সীমান্তে ফেলে দেয় ।
ভারতের সিদাই থানা পুলিশ লোকমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সিদাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। এ ঘটনা জানতে পেরে বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় । চিঠির সাড়া দিয়ে গতকাল ২৭ মে বুধবার বিকেলে মোহনপুর সীমান্তে পতাকা বৈঠক অনু্ষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশী কান্ত ।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি-৫৫ হবিগঞ্জের কমান্ডিং অফিসার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সামি জানান, বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ-এর কাছে নিহত লোকমানের পোস্ট মর্টেম রিপোর্ট, কভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট ও এ ঘটনায় থানায় দায়েরি মামলার এফআইআর চাওয়া হয়। বিএসএফ কভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট ও মামলার এফআইআর এর কপি দিলেও পোস্ট মর্টেম রিপোর্ট দেয়নি। তাই বিজিবি লোকমানের লাশ গ্রহণে অস্বীকৃতি জানায় ।