
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সশস্ত্র ওই ডাকাতদের আটক করা হয় । এ সময় আটকদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। আটকরা হলেন- মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১), মো. শাহেদ (২০) ।
আটকদের সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটক ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।