
নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ। গত শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সেদিনই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এনভয় টেক্সটাইলসের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) হামিমুর রহমান এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, কুতুব উদ্দিন আহমেদকে শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন ভালো। কুতুব উদ্দিন আহমেদের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদেরও করোনাভাইরাস টেস্ট করানো হবে বলে জানিয়েছেন হামিমুর রহমান।
বুয়েট থেকে পাস করার পর ১৯৮৪ সালে তৈরি পোশাক কারখানা দিয়ে ব্যবসায়িক অঙ্গনে পা রাখেন কুতুব উদ্দিন। তার প্রতিষ্ঠিত এনভয় গ্রুপের তৈরি পোশাক খাত ছাড়াও রয়েছে বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিক ইত্যাদি নানা খাতে বিনিয়োগ রয়েছে। কুতুব উদ্দিনের মালিকানাধীন শেলটেক লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। অন্যদিকে শেলটেক ব্রোকারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ। সেইসাথে এনভয় গ্রুপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ অপর ব্যবসায়ী সংগঠন মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিরও (এমসিসিআই) সভাপতি ছিলেন। ক্রীড়াঙ্গনের সাথেও যুক্ত ছিলেন কুতুব উদ্দিন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও মহাসচিব ছিলেন।