
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুরুজ খান (৫৭) মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মিটফোর্ড হাসপাতালে কোভিড-১৯ রোগের চিকিৎসা চলাকালে মারা যান মোহাম্মদ সুরুজ খান। তিনি বেশ কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানা যায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুরুজ খানের মৃত্যুতে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।