
নিউজ ডেস্কঃ সুপার সাইক্লোন আম্ফান সুন্দরবনে ৮ ঘন্টার সময় ধরে তান্ডব চালালেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যেতে পারেনি। গাছ উপড়ে পড়েছে ১২ হাজার ৩৫৮টি। এতে করে গাছের ক্ষতি হয়েছে ১১ লাখ ৪৫ হাজার ৬০ টাকার। মারা যায়নি রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ কোন বন্যপ্রানী । ১০টি জলযানসহ অবকাঠামোর ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৮৭ হাজার ৪০০ টাকার। সবাই মিলিয়ে আম্ফানে আঘাতে সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৪৬০ টাকায়। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত ৪টি তদন্ত কমিটির দাখিলকৃত রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে ।
গতকাল রবিবার (২৪ মে) রাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের দুই ডিএফও পৃথক ৪টি তদন্ত রিপোর্ট হাতে পেয়েই তার ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন্ধ কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসনে ও খুলনার পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বশির আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন ।