
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আজ সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সঙ্গে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মেয়র তাদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রথমে বেলা সাড়ে ১১ টায় মেয়র আতিকুল ইসলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান। পরে বেলা বারোটায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে যান। এসময় হাসপাতাল দুটির কোভিড-১৯ ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তিনি অনলাইনে লাইভ ভিডিওতে শুভেচ্ছা বিনিময় করেন। হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।