
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে দলটি। রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।