News71.com
 Bangladesh
 24 May 20, 06:40 PM
 155           
 0
 24 May 20, 06:40 PM

ভীড় এড়াতে বায়তুল মোকাররমে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে॥

ভীড় এড়াতে বায়তুল মোকাররমে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে॥

নিউজ ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দিন সকাল ৭টায় প্রথম জামাতে অংশ নিতে পারবেন মুসল্লিরা। এরপর পর্যায়ক্রমে ঈদের দিন সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।


তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ঈদের দিন সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গায় আদায় না করতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।


এ ছাড়া মসজিদে জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করারও অনুরোধ জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয় ১৪ মে এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসা, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করা, ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়ানো এবং এক কাতার অন্তর অন্তর কাতার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন