
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলায় ৬ হাজার পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি টাকা মানবিক সহায়তা দেবে ব্র্যাক। উপজেলা ১০টি হচ্ছে-সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও কলারোয়া, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া এবং বাগেরহাটের শরণখোলা । মাঠ পর্যায়ে ব্র্যাককর্মীদের পর্যবেক্ষণে দেখা গেছে, উপরোক্ত এলাকাগুলোয় অতি দ্রুত ঘর-বাড়ি মেরামত এবং স্বাস্থ্যসম্মত পায়খানা, নিরাপদ পানি প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই খাতে ৫ হাজার টাকা করে প্রদান করবে ব্র্যাক। ঈদের দুয়েকদিনের মধ্যেই ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (বিএইচপি) একটি দল সরেজমিনে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া শুরু করবেন ।