
নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রত্যাহারের দাবি জানিয়ে জনপ্রশাসন সচিবকে চিঠি দিয়েছে পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামীলীগ পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গতকাল শনিবার সিএমএসডির পরিচালকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আবু হেনা মোরশেদ জামানকে। তিনি বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনে ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিয়োজিত ছিলেন।
বিএমএ ও স্বাচিপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে লিখেছেন, 'দেশের এই ক্রান্তিলগ্নে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে এই পদে নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অশনিসংকেতের ইঙ্গিত বহন করছে।' এই পদায়ন 'অত্যন্ত উদ্বেগের' বলেও মন্তব্য করেন তাঁরা। চিঠিতে সাক্ষর করেছেন বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন ও মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাচিপ সভাপতি এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজ।
চিকিৎসক নেতারা চিঠিতে লিখেছেন, প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা স্বাস্থ্য ব্যবস্থার যাবতীয় চিকিৎসা সামগ্রী কেনাকাটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। এর আগে এই পদে সামরিকবাহিনীর জ্যেষ্ঠ চিকিৎসক কর্মকর্তারা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের এই ক্রান্তিলগ্নে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে এই পদে নিয়োগ গ্রহণযোগ্য নয়। বিএমএ ও স্বাচিপ অনতিবিলম্বে সিএমএসডির পরিচালক পদে একজন চিকিৎসক কর্মকর্তাকে নিয়োগের দাবি জানিয়েছেন।