News71.com
 Bangladesh
 22 May 20, 11:21 AM
 324           
 0
 22 May 20, 11:21 AM

কিশোরগঞ্জের ভৈরবে ৮১ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি আটক॥

কিশোরগঞ্জের ভৈরবে ৮১ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি আটক॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৮১ কেজি গাঁজাসহ একজন ভুয়া মানবাধিকার কর্মী এবং ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে দুটি পিকআপ, একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শহরের নাটাল মোড় এলাকায় পৃথক অভিযানে তাদের গাড়িসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ভুয়া মানবাধিকার কর্মী হবিগঞ্জের রুদ্র গ্রামের মইনুর রশিদ (৩৫), মাদক কারবারি হবিগঞ্জের চুনারুঘাটের জহির আলী (৩৬), গাজীপুরের পাটুয়া গ্রামের শামিম শেখ (২৪), নরসিংদীর সুলতানপুর গ্রামের মোবারক হোসেন (২২), গাজীপুরের শাওরাইট গ্রামের শামীম (২৩), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কোদালী গ্রামের মো. আলমগীর (২৩) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গ্রামের মো. জনি (১৮)। আটকদের কাছ থেকে মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধার মাদকসহ আলামতের মূল্য প্রায় ৪১ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের ও স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এ অভিযান চালান। বৃহস্পতিবার সকালে পৌর শহরের কাছে মেঘনা নদীর সড়ক সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকায় একটি চৌকি স্থাপন করে র‌্যাব। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী গাড়ি তল্লাশি করে তিনটি গাড়ি জব্দ করার পর ফের তল্লাশি চালিয়ে মানবাধিকার কর্মী মইনুর রশিদের গাড়ি থেকে ২২ কেজি এবং অপর দুটি গাড়ি থেকে ৫৯ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনার সময় তিন গাড়ির মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক বিক্রির সাড়ে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় র‌্যাব বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন