
নিউজ ডেস্ক গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় ‘আম্পান’। এটি আরো উত্তরদিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে হিসেবে বর্তমানে পাবনা এবং রাজশাহীতে অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে কারণে সকল বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ২১ মে, বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানানো হয়।
তবে আম্পানের প্রভাবে প্রচুর বৃষ্টি ও বাতাস থাকবে। আস্তে আস্তে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে আরো দুর্বল হয়ে যাচ্ছে আম্পান। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাংলাদেশ উপকূলে বায়ুচাপের তারতম্যের কারণে অত্যধিক বাতাস থাকবে ও সাগর উত্তাল থাকবে। এসময় জলোচ্ছ্বাসের পানির প্রভাব আরো কিছুদিন বাড়তি থাকবে বলে জানানো হয়। অমাবশ্যার তিথি চলার কারণে স্বাভাবিক জোয়ারের চাইতে কয়েকফুট বেশি পানি থাকে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে।
এছাড়াও ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ছিল তা তুলে ফেলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। সেইসাথে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকেও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।