
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইলে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (১৬মে) রাতে উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ইছাপশর গ্রামের আনোয়ার আলীর ছেলে।এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।তাড়াইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে পুকুরে হাঁসের বাচ্চায় কচুরিপানা খাওয়া নিয়ে নিহত তাজুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুর রহিম ও তার ছেলেদের ঝগড়া হয়। এ দিন তাজুল ইসলাম আব্দুর রহিমের পক্ষের একজনকে মারধর করেন।এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যার পর বাড়ির সামনে আব্দুর রহিমের পক্ষের লোকজন তাজুল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাজুলকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।