
নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া মোট ২৪৩ বাংলাদেশি নাগরিক আজ ভোরে ওয়াশিংটন থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, কাতার এয়ারওয়েজের চার্টার্ড বিমানটি ওয়াশিংটন ডিসি থেকে দোহা হয়ে আজ রবিবার ভোর সোয়া ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পর্যটন ও ব্যবসায় ভিসায় আমেরিকা গিয়েছিলেন এমন নাগরিক এবং কিছু সরকারি-বেসরকারি কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছে। যাত্রীদের মধ্যে ৪৯ জন স্কুল-কলেজের শিক্ষার্থীও রয়েছেন যারা শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রোগ্রামের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাত্রা করার আগে তিনি তাদের নিরাপদ ভ্রমণ কামনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড এ ৩৫০-৯০০ এয়ারবাসটি শুক্রবার রাত ১১টা ৪ মিনিটে ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বৃহস্পতিবার, বাংলাদেশ টানা ষষ্ঠবারের মত ফ্লাইট পরিচালনার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। ইউরোপীয় সব দেশসহ করোনা ভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশীদের তাদের দেশে প্রবেশে নিষেধজ্ঞা জারি করেছে সেসব দেশে এবং পাশাপাশি সমস্ত অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচলে নিষেধাজ্ঞার জারি করেছে।