
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ১,২৭৩ জন শনাক্ত হয়েছেন।এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জন। আর এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২২,২৬৮ জন শনাক্ত হলেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট ৪,৩৭৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। দেশে করোনা শনাক্তের ৭১তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।রবিবার (১৭ই মে) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সারাদেশে এখন মোট ৪২টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর, করোনাভাইরাস শনাক্তে আরও ৮,১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি। ২৪ ঘন্টায় ১,২৭৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তেরও রেকর্ড। এর আগে গত শুক্রবার (১৫ই মে) একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিলো ১,২০২ জন। তিনি আরও জানান, নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে রাজধানী ঢাকার ৯ জন এবং চট্টগ্রামের ৫ জন। বয়সের দিক থেকে ১ জন ১১ থেকে ২০ বছর বয়সী, ১ জন এর বয়স ৩০ এর বেশি, ২ জন চল্লিশোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন ষাটোর্ধ্ব, ৩ জন সত্তরোর্ধ্ব এবং ১ জন ৮১ থেকে ৯০ বছর বয়সী।