
নিউজ ডেস্কঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কোভিড-১৯ চিকিৎসার জন্য স্থাপিত ২ হাজার ১৩ শয্যার অস্থায়ী হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বসুন্ধরা গ্রপের উদ্যোগে এই হাসপাতাল হয়েছে। আজ রবিবার দুপুরে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে অত্যাধুনিক মোট ২ হাজার ১৩ টি আইসোলেটেড শয্যা রয়েছে। এর মধ্যে ৭১টির সঙ্গে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা রয়েছে। এ ছাড়া এখানে আরও অন্তত ৪০০টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ব্যবস্থাসহ এই হাসপাতালটি উন্নত দেশের কোভিড অস্থায়ী হাসপাতালের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই।
করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও নতুন অন্তত পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। দ্রুতই এই টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলমান রয়েছে। পাশাপাশি রেমডেসিভির ওষুধ এখন দেশেই তৈরি হচ্ছে, যা সরকারের কাছে মজুত করা হচ্ছে।