
নিউজ ডেস্কঃ পাবনার আতাইকুলা ইউপি চেয়ারম্যান ও তার ক্যাডারদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৬ মে) সকালে পীরপুর গ্রামে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, আতাইকুলা ইউপি চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেনের সঙ্গে তার পীরপুর গ্রামের বাসিন্দা আহত রফিকুল ইসলামের ভাতিজা শওকত হোসেন খানের বিরোধ চলে আসছে।সম্প্রতি আগামী ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেয়ায় এ বিরোধ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বাড়ির পাশের মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা তৈরিকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর জের ধরে ইউপি চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ খান আলী এবং তার অনুসারীরা শনিবার সকালে দলবলে নিয়ে তাদের ওপর হামলা চালায়।এ সময় শওকত হোসেন খান এর চাচা রফিকুল ইসলামের ডান হাতে একটি কোপ লাগে। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।