
নিউজ ডেস্কঃ সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড সিঙ্গাপুরের ক্লিফোর্ড ক্যাপিটাল ও জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) থেকে ১৪ কোটি মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়ন পেয়েছে। এই অর্থ বাংলাদেশের টাকায় প্রায় ১ হাজার ১৯০ কোটি টাকার সমান।সামিট, ক্লিফোর্ড ও এসএমবিসি গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে এটি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি মাইলফলক। দেশের বেসরকারি খাতে সামিট প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরাসরি এই বিনিয়োগ পেয়েছে। আগে বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের পুরোটা বা অধিকাংশই ডিইজি, এফএমও, আইএফসি, এডিবি, আইএসডিবি, সিডিসি এসব আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে আসত। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশে লকডাউনের পরিস্থিতিতে গত ২২ এপ্রিল এই অর্থায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই অর্থায়ন প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক চলমান লকডাউনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, 'কোভিড-১৯ মহামারির মধ্যেও বাণিজ্যিক ঋণদাতাদের কাছে থেকে দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়ন পাওয়ায় আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সামিট ও বাংলাদেশের মর্যাদা এবং সুনামের প্রতিফলন ঘটেছে। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।' ক্লিফোর্ড ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অদ্রা লো বলেন, 'সিঙ্গাপুরভিত্তিক অবকাঠামো উন্নয়নকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সম্প্রসারণের সহযোগী হতে পেরে ক্লিফোর্ড ক্যাপিটাল আনন্দিত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, অর্থায়নের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিনিয়োগে সহায়তা করা।'