
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক ক্ষত মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এবার ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো (পুনঃক্রয় চুক্তি) চালু করলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যবস্থায় সংবিধিবদ্ধ জমা হারের (এসএলআর) অতিরিক্ত ট্রেজারি বিল ও বন্ড বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে ৩৬০ দিনের জন্য তহবিল নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে প্রথমবারের মতো এত দীর্ঘমেয়াদি তারল্য সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে সর্বোচ্চ ২৮ দিনের জন্য টাকা ধার নিতে পারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর ফলে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলো যে তারল্য সংকটের আশঙ্কা করছিল, তার অনেকটা লাঘব হবে। তবে এ বিশেষ রেপোর মাধ্যমে অর্থ নিয়ে প্রনোদনা প্যাকেজছাড়া অন্য কোন খাতে ব্যবহার করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় দেশের অর্থনীতির উপর এর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক কতৃক সম্প্রতি বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্রণোদনা প্যাকেসমূহ বাস্তবায়নে মুদ্রাবাজারে তারল্য বাবস্থাপনা সুষ্টুতর করার লক্ষে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো (পুনঃক্রয় চুক্তি) প্রচলন করা হলো। বিদ্যমান রেপো হারকে ভিত্তি ধরে বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রনীতি ও মুদ্রা বাজারের তারল্য পরিস্থিতি বিবেচনায় এ বিশেষ রেপো (পুনঃক্রয় চুক্তি) সুদের হার নির্ধারণ হবে।