News71.com
 Bangladesh
 14 May 20, 10:34 PM
 214           
 0
 14 May 20, 10:34 PM

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী॥

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন কানাডায় অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইনের সঙ্গে ফোনে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নুর চৌধুরীর দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

এ সময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন। এ জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া যেকোনো সংকটে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফ্রান্সিস ফিলিপ। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি ‘সকলের দায়িত্ব’ উল্লেখ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

তিনি এ বিষয়ে এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন বলেও জানান। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে তার প্রশংসা করেন ফ্রান্সিস ফিলিপ। ড. মোমেন কানাডায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন