
নিউজ ডেস্কঃ ঋণ কার্যক্রম সম্প্রসারণে প্রবাসী কল্যাণ ব্যাংককে ৫শ কোটি ও কর্মসংস্থানকে আরও দু’হাজার কোটি টাকার আমানত দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ সহায়তা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ আরও বাড়ানোর জন্য আরও ২ হাজার কোটি টাকা আমানত দেওয়া হবে। ২ হাজার কোটি টাকা বিশেষ আমানত দিয়ে দেবো।‘আমাদের যুবক শ্রেণি যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে। নিজেরা ব্যবসা-বাণিজ্য করতে পারবে। অথবা যৌথভাবে তারা ব্যবসা-বাণিজ্য করতে পারবে।’প্রবাসীদের জন্য ঋণ সুবিধা বাড়াতে প্রবাসী কল্যাণ ব্যাংকের আমানত বাড়ানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা প্রবাসী তারা কিন্তু আমাদের রেমিটেন্স পাঠায়। তারা যেন ঘরবাড়ি বিক্রি না করে ঋণ নিয়ে বাইরে যেতে পারে, বিদেশে যেতে পারে তাদের কর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক নামে আরেকটি বিশেষ ব্যাংক আমরা প্রতিষ্ঠা করে দেই। ‘সেই ব্যাংকে আরও টাকা দেবো। সেই ব্যাংকেও আমরা আরও অতিরিক্ত ৫শ কোটি টাকা দেবো। এর আগে সেখানে আমরা ৪শ কোটি টাকা দিয়েছি। আমরা আরও ৫শ কোটি টাকা জমা করে দিচ্ছি।’