News71.com
 Bangladesh
 13 May 20, 10:33 PM
 544           
 0
 13 May 20, 10:33 PM

আগামী ৬ মাসেই বাংলাদেশে ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে॥ইউনিসেফ  

আগামী ৬ মাসেই বাংলাদেশে ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে॥ইউনিসেফ   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে স্বাস্থ্য সেবা গ্রহণ আরও কমে গেলে আগামী ৬ মাসে কোভিড-১৯ মহামারির পরোক্ষ প্রভাবে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ৫ বছরের কম বয়সী অতিরিক্ত ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে। এছাড়া মহামারির চাপে বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হতে থাকায় এবং নিয়মিত স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় আগামী ৬ মাসে প্রতিদিন অতিরিক্ত ৬ হাজার শিশু মারা যেতে পারে বলে ইউনিসেফ জানিয়েছে। আজ বুধবার ( ১৩ মে) ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

বাংলাদেশে কোভিড-১৯ মহামারির কারণে ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরি স্বাস্থ্য সেবা প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৯ সালের মার্চের তুলনায় ২০২০ সালের মার্চে সেবা গ্রহণ ২৫ শতাংশ কমেছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি তোমো হোযুমি বলেছেন, মহামারির কারণে স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্যভাবে কমে গেলে প্রতিরোধযোগ্য ও আরোগ্য লাভ করা সম্ভব এমন অবস্থা থেকে হাজার হাজার শিশু মারা যেতে পারে। নারী ও শিশুদের জন্য জীবনরক্ষাকারী সেবা সহজলভ্য, নিরাপদ এবং সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রাপ্তিও ব্যাপকহারে প্রায় ১৯ শতাংশের মতো কমেছে ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের জানুয়ারি-মার্চে মায়েদের গর্ভকালীন সেবার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং সন্তান জন্মের পর স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চেকআপের মতো জরুরি মাতৃ স্বাস্থ্য সেবা গ্রহণ ব্যাপক মাত্রায় কমেছে, এছাড়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে সন্তান জন্ম দান ২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২০ এর জানুয়ারি-মার্চে ২১.২ শতাংশ কমেছে। মহামারির কারণে বাংলাদেশে হাম ও রুবেলের টিকাদান ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে, যেখানে ৯ মাস থেকে ৯ বছর বয়সী ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছিল। শিশুদের নিয়মিত টিকাদান চালু থাকলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে টিকা দেওয়া হচ্ছে না এবং লকডাউনের কারণে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে টিকা পরিবহনও চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন