
নিউজ ডেস্কঃ এ পর্যন্ত ৬০ পোশাক শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যার ৩৭ জনই শিল্প এলাকা আশুলিয়ার। জানা গেছে দেশের ৬ এলাকা আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে সব খাত মিলিয়ে মোট কারখানা আছে ৭ হাজার ৬০২টি। শিল্প পুলিশের তথ্য বলছে, মঙ্গলবার এই ছয় শিল্প এলাকায় ৩ হাজার ৯১৬টি কারখানা খোলা ছিল। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল ১২ই মে পর্যন্ত ৬ শিল্প এলাকায় সব খাত মিলিয়ে করোনায় আক্রান্ত শ্রমিক সংখ্যা ছিল ৬০ জন।
এ শ্রমিকরা মোট ৩৭টি কারখানার সঙ্গে যুক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক আশুলিয়া এলাকার। এ এলাকার ২০টি কারখানার মোট ৩৭ জন শ্রমিক করোনায় আক্রান্ত। এছাড়া গাজীপুর এলাকার ১০টি কারখানার ১৩ জন, চট্টগ্রামের তিন কারখানার তিনজন, নারায়ণগঞ্জ শিল্প এলাকায় তিন কারখানার পাঁচজন এবং ময়মনসিংহ এলাকার একটি কারখানার দুজন আক্রান্ত হয়েছেন। তবে খুলনা এলাকায় করোনায় আক্রান্ত কোনো শ্রমিকের তথ্য পাওয়া যায়নি।