
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনের ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ রিমান্ড মঞ্জুর করেন।চারদিনের রিমান্ড শেষে মুমিনকে বুধবার আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ওসি শামীম উর রশীদ। মুমিনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ডের আদেশ দেন।গত ৮ মে মুমিনসহ তিনজনের চারদিন করে রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত। রিমান্ড চলাকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিম উদ্দিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। নাজিম উদ্দিনের নাম মামলার এজাহারে না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাও গ্রেফতারের পর দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা তিনজনই বর্তমানে কারাগারে আছেন।