News71.com
 Bangladesh
 12 May 20, 12:41 PM
 194           
 0
 12 May 20, 12:41 PM

প্রতিমন্ত্রী রাসেলের উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী পেলেন ক্রীড়া সাংবাদিকরা॥

প্রতিমন্ত্রী রাসেলের উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী পেলেন ক্রীড়া সাংবাদিকরা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকদের যে কোনো সমস্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় পাশে থাকে। আর তাই করোনা ভাইরাসের প্রকোপেও তাদের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছি আমরা। সুরক্ষা সামগ্রী ছাড়াও সাংবাদিকদের আর্থিক প্রণোদনা দেয়ার ব্যাপারেও মন্ত্রণালয় চিন্তা করছে বলে জানান তিনি।

জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি সকল গণমাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের দায়িত্ব যথাযথ পালনের মধ্যে দিয়ে সরকারকে সহযোগিতা করে চলেছেন। এর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল সাংবাদিকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন 'হর্স অ্যান্ড হর্স' এর ফাউন্ডার মেহরিন মনসুর। তিনি বলেন, আমরা বিশ্ব মানের পিপিই তৈরি করছি। আমাদের পিপিই উচ্চ মানের হওয়ায় সরকারের বেশ কিছু মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি আমরা। এরই অংশ হিসেবে ক্রীড়া মন্ত্রণালয়ে বেশ কিছু পিপিই সরবরাহ করা হয়েছে। আমাদের এই পিপিই কেউ চাইলে ব্যক্তিগতভাবেও কিনতে পারবেন, যার মূল্য ১৪৯৫ টাকা। এ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে পিপিই হোল সেল (পাইকারি বিক্রি) করেছি। বাংলাদেশের তৈরি এই পিপিই'র গুণগত মান চীন থেকে আসা পিপিই'র তুলনায় অনেক ভালো। এদিকে ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক সাকির রুবেন ক্রীড়া মন্ত্রণালয়ের এসব সামগ্রী গ্রহণ করেন। এ সময় পৃষ্ঠপোষক সাইক্লিং ফেডারেশনের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন সহ অন্যান্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন